Breaking News

Sunday, December 12, 2021

পরকীয়ায় ব্যস্ত মাকে বিরক্ত করায় খুন শিশু!

এই সময় ডিজিটাল ডেস্ক: মায়ের কোলে শুয়ে পরম নিশ্চিন্তে স্তনপান করছিল ২ বছরের শিশুটি। মা ব্যস্ত ছিলেন 'প্রেমিক'-এর ফোনে! সেই সময়ই হঠাৎ শিশু মায়ের স্তনবৃন্তে কামড় বসায়। ফোনে কথা বলায় বাধা পড়ে মায়ের ‘প্রেমালাপে’! অভিযোগ, এরপরেই নাকি ক্রোধে ওই মহিলা বালিশ চাপা দিয়ে হত্যা করেছে ২ বছরের শিশুকন্যাকে। ঘটনায় চমকে উঠেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে খড়গপুরের পিংলায়। শনিবার দুপুরে পিংলা থানার বাখনাবাড় গ্রাম পঞ্চায়েতের উত্তরবাড় গ্রামে ২বছরের শিশুকন্যা দীপ্তি জানার মৃত্যু ঘিরে শুরু হয় তোলপাড়। দীপ্তির মা পূজা জানায়, দুপুরবেলা বাড়ির উঠোনে লেপ রোদে দিয়েছিলেন তিনি । সেই লেপের মধ্যেই খেলছিল শিশুটি। এরপর মা রান্না করতে চলে যায়। পরে সে এসে দেখে মেয়ে লেপের মধ্যে আপাদমস্তক জড়িয়ে রয়েছে। শ্বাসপ্রশ্বাস পড়ছে না তার। যদিও লেপের মধ্যে চাপা পড়ে কীভাবে একটি শিশুর মৃত্যু হতে পারে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল পুলিশ এবং প্রতিবেশীদের মনে। পুরো ঘটনার তদন্তে নামে পুলিশ। সূত্রের খবর, পুলিশের তদন্তে নাকি উঠে এসেছে অন্য দিক। তদন্তে প্রাথমিকভাবে উঠে আসা তথ্য অনুযায়ী, প্রতিবেশী এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ২ বছরের ওই শিশুর মা। শনিবারও ফোনে সে তার সঙ্গেই কথা বলছিল। কোলে স্তনপান করছিল শিশুটি। শিশুটি হঠাৎই মায়ের স্তনবৃন্তে কামড় দেয়। অভিযোগ, সেই মুহূর্তে রাগে সম্বিত হারিয়ে ফেলে ওই মহিলা। শিশুকে আঘাতও করে সে, তদন্তে উঠে এসেছে এমনটাই। ক্রোধ সংবরণ করতে না পেরে ওই মহিলা শিশুটির শ্বাসরোধ করেছিল কিনা, তা নিয়ে সন্দিহান তদন্তকারীরা। জানা গিয়েছে, ওই মহিলার স্বামী দেবাশিস জানা কর্মসূত্রে আন্দামানে থাকেন। স্বামীর অনুপস্থিতিতে প্রতিবেশী দেবাশিস মণ্ডলের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েছিলেন ওই গৃহবধূ। গৃহবধূর বোন জানিয়েছেন, তাঁর দিদি 'প্রেমিক দেবা'-র সঙ্গে কথা বলার জন্য গয়না বিক্রি করে ফোন কিনেছিল । পুলিশ সূত্রে জানা গিয়েছে , স্বামী দেবাশিস ও পূজার বিয়ে হয় বছর তিনেক আগে।দীপ্তি তাদের একমাত্র সন্তান। পূজা শ্বশুর-শাশুড়ির সঙ্গে থাকেন। এদিন ঘটনার সময় পূজার শাশুড়ি বাড়ির কয়েকটি ছাগল নিয়ে সামান্য দূরত্বে চরাতে গিয়েছিলেন। এরই মধ্যে শিশুটির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জানা গিয়েছে, প্রতিবেশীরা এই ঘটনার পর পূজা এবং তার প্রেমিক দেবাশিসের উপর চড়াও হন। যদিও শনিবার সন্ধ্যা পর্যন্ত ঘটনার প্রেক্ষিতে কোনও অভিযোগ দায়ের হয়নি। তবে অতিরিক্ত পুলিশ সুপার (খড়গপুর) রানা মুখোপাধ্যায় জানিয়েছেন, পিংলায় শিশুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মা ও এক যুবককে আটক করে জেরা করা হচ্ছে।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3EMDD9F

No comments:

Post a Comment

Your Message Will Riplied Within 24 Hours.
Thank You.